প্রিন্ট এর তারিখ : ২৯ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
নির্বাচন আয়োজন প্রসঙ্গে তামিমের দায়িত্ব নিয়ে সাকিবের মন্তব্য
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশের ক্রিকেটের দুই উজ্জ্বল নক্ষত্র সাকিব আল হাসান ও তামিম ইকবালের মধ্যকার ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন দীর্ঘদিনের আলোচনার বিষয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পটপরিবর্তনের পর বিসিবির নেতৃত্বে আসা পরিবর্তন নিয়ে মুখ খুলেছেন সাকিব আল হাসান। বর্তমানে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, যার মূল লক্ষ্য তিন মাসের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা।তামিমের এই নতুন দায়িত্ব প্রসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে সাকিব আল হাসান জানান, তামিম বর্তমানে নির্বাচিত প্রতিনিধি নন, বরং তাকে নির্বাচন আয়োজনের বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। তবে সাকিব মনে করেন, ভবিষ্যতে তামিম যদি নির্বাচনের মাধ্যমে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং দীর্ঘমেয়াদি কোনো পরিকল্পনা নিয়ে এগিয়ে যান, তবে তা বাংলাদেশ ক্রিকেটের জন্য ইতিবাচক ফল বয়ে আনবে।উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর রাজনৈতিক সংকটে থাকা সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। অন্যদিকে, গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ আগের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে তামিম ইকবালকে প্রধান করে ১১ সদস্যের এডহক কমিটি গঠন করে। সাকিবের এই ইতিবাচক মন্তব্য দীর্ঘদিনের ব্যক্তিগত বৈরিতা ছাপিয়ে ক্রিকেটের বৃহত্তর স্বার্থে এক নতুন ইঙ্গিত বহন করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ