প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
কালবৈশাখীর গাছ এড়াতে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে প্রাণহানি
ঢাকা নিউজ ডেস্ক ||
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ায় কালবৈশাখী ঝড়ে ভেঙে পড়া গাছ এড়াতে গিয়ে বিপরীতমুখী ট্রাকের সঙ্গে সংঘর্ষে মো. সেলিম নামের এক সিএনজি অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার চন্দ্রঘোনা কাটাখালী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে অটোরিকশার আরও তিন যাত্রী আহত হয়েছেন।নিহত চালক সেলিম উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার লিয়াকত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে বনগ্রাম এলাকায় বসবাস করতেন।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে লিচুবাগান এলাকা থেকে যাত্রী নিয়ে গ্যাস রিফুয়েলিংয়ের উদ্দেশ্যে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন সেলিম। পথে কাটাখালী এলাকায় সড়কের পাশে ঝুলে থাকা কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত একটি বড় গাছ বাতাসে দুলতে দেখে তা এড়ানোর চেষ্টা করেন তিনি। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে সেটি উল্টে যায় এবং চালকসহ চারজন গুরুতর আহত হন।স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চন্দ্রঘোনা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন। তবে আহত অন্য যাত্রীরা বর্তমানে আশঙ্কামুক্ত বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত করা হয়েছে।রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) নুরুল আফসার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে পুলিশ পৌঁছানোর আগেই স্বজনরা আহত ও নিহিতকে হাসপাতালে নিয়ে যান।নিহত সেলিমের শ্যালক মো. আরফাত জানান, মঙ্গলবার বিকেল ৪টায় বনগ্রাম এলাকার স্থানীয় কবরস্থানে জানাজা শেষে সেলিমের মরদেহ দাফন করা হয়েছে। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন তারা দিশেহারা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ