প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
প্রতিশ্রুতির বিনিময়ে সংসদে দুই মন্ত্রীর বক্তব্যকাল বৃদ্ধি
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় বুধবার এক বিশেষ পরিস্থিতির সৃষ্টি হয়। ডেপুটি স্পিকার কায়সার কামালের নির্বাচনী এলাকায় উন্নয়ন ও সরঞ্জামের প্রতিশ্রুতির বিনিময়ে বক্তব্যের জন্য অতিরিক্ত সময় আদায় করে নেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।শুরুতে স্বাস্থ্যমন্ত্রীকে ৮ মিনিট সময় দেওয়া হলে তিনি কৌশলী পন্থায় অতিরিক্ত সময়ের দাবি জানান। ডেপুটি স্পিকার শর্ত দেন যে, তার নির্বাচনী এলাকার দুটি হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করলে ২ মিনিট সময় বাড়ানো হবে। স্বাস্থ্যমন্ত্রী তাৎক্ষণিক সেই প্রতিশ্রুতি দিলে শেষ পর্যন্ত তিনি নির্ধারিত সময়ের চেয়ে ৪ মিনিট বেশি বক্তব্য রাখার সুযোগ পান।পরবর্তীতে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরীকে ৫ মিনিট সময় দেওয়া হলে তিনি সময়ের স্বল্পতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ডেপুটি স্পিকার তার এলাকায় শিল্পকলা একাডেমি না থাকার কথা উল্লেখ করলে সংস্কৃতিমন্ত্রী সেখানে একাডেমি ও বাদ্যযন্ত্র দেওয়ার অঙ্গীকার করেন। এর বিনিময়ে তিনিও নির্ধারিত সময়ের অতিরিক্ত বক্তব্য দেওয়ার সুযোগ লাভ করেন। এ সময় সংসদজুড়ে হাসির রোল পড়ে যায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ