প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
দেলোয়ার হত্যা মামলায় মাসুদ উদ্দিন ফের রিমান্ডে
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা দেলোয়ার হোসেন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি মিরপুর বিভাগের উপ-পরিদর্শক কফিল উদ্দিন অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ৫ দিনের আবেদন করলে আদালত ৪ দিন মঞ্জুর করেন।শুনানি চলাকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তৌহিদুল ইসলাম সজীব রিমান্ড বাতিলের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ডের এই সিদ্ধান্ত দেন। গত ২৩ মার্চ দিবাগত রাতে বারিধারা ডিওএইচএস এলাকার নিজ বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল। এর আগে পল্টন মডেল থানার মামলায়ও তাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় নির্বিচারে চালানো গুলিতে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন। পরবর্তীতে ২১ জুলাই চিকিৎসাধীন অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় ২০২৫ সালের জুলাই মাসে মিরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।সাবেক এই আলোচিত সেনা কর্মকর্তাকে এর আগেও একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। বর্তমানে দেলোয়ার হত্যা মামলায় তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার নেপথ্যের তথ্য উদঘাটনের চেষ্টা করছে ডিবি পুলিশ। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থেই এই রিমান্ডের প্রয়োজনীয়তা রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ