প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
পেট্রল সংকট ও লোডশেডিং কমেছে: সংসদে জ্বালানিমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় সংসদে দেওয়া এক বক্তৃতায় দেশে জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে দাবি করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে বিরোধী দলীয় নেতা শফিকুর রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রেক্ষাপটে তিনি জানান, বর্তমানে পেট্রল পাম্পগুলোতে দীর্ঘ লাইন আর নেই এবং লোডশেডিংয়ের মাত্রাও আগের চেয়ে অনেক কমে এসেছে।বিদ্যুৎ ও জ্বালানির বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করতে গঠিত বিশেষ কমিটি আগামী রোববার বৈঠকে বসবে বলেও সংসদকে অবহিত করেন মন্ত্রী। দেশের জ্বালানি খাতের সংকট মোকাবিলায় এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে জানানো হয়েছে, গত মঙ্গলবার ও বুধবার অর্থাৎ ২৮ ও ২৯ এপ্রিল সারা দেশে কোনো ধরনের লোডশেডিং হয়নি। বিদ্যুৎ বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ২৮ এপ্রিল দেশে বিদ্যুতের মোট চাহিদা ছিল ১২ হাজার ১৮৩ মেগাওয়াট এবং সেই অনুযায়ী সমপরিমাণ বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হয়েছে।একইভাবে ২৯ এপ্রিল ১০ হাজার ৬১২ মেগাওয়াট চাহিদার বিপরীতে সম্পূর্ণ বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। টানা দুই দিন চাহিদাকৃত বিদ্যুতের পুরোটাই উৎপাদন ও সরবরাহ করতে পারায় দেশে বিদ্যুৎ বিভ্রাট বা লোডশেডিংয়ের কোনো ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে মন্ত্রণালয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ