প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
অসুস্থ হয়ে হাসপাতালে তিউনিসিয়ার কারাবন্দী নেতা ঘান্নুশি
ঢাকা নিউজ ডেস্ক ||
তিউনিসিয়ার কারাবন্দী ৮৪ বছর বয়সী বিরোধী নেতা রাশেদ ঘান্নুশির শারীরিক অবস্থার গুরুতর অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তার দল এননাহদা পার্টি বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, বার্ধক্যজনিত নানা জটিল রোগে আক্রান্ত ঘান্নুশিকে বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।বিবৃতিতে দলটির পক্ষ থেকে ঘান্নুশির অবিলম্বে মুক্তি দাবি করা হয়েছে। তারা অভিযোগ করেছে যে, তাকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে আটক রাখা হয়েছে। এমনকি জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি কমিটিও এর আগে মত দিয়েছে যে, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর কোনো আইনি ভিত্তি নেই এবং কেবল মতপ্রকাশের স্বাধীনতার কারণেই তাকে টার্গেট করা হয়েছে।২০২৩ সালের এপ্রিলে গ্রেপ্তারের পর থেকে ঘান্নুশির বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, আর্থিক দুর্নীতি এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংস্থাগুলো এই গ্রেপ্তারকে রাজনৈতিক দমন-পীড়ন হিসেবে বর্ণনা করে তীব্র সমালোচনা করেছে।অন্যদিকে তিউনিসিয়ার প্রেসিডেন্ট কাইস সাইয়েদ তার সরকারের বিরুদ্ধে ওঠা দমন-পীড়নের অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, দুর্নীতি দমন, রাজনৈতিক অস্থিরতা মোকাবিলা এবং সন্ত্রাসীদের জবাবদিহির আওতায় আনতেই এসব আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে বিরোধীরা ২০২১ সাল থেকে প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধির এই প্রক্রিয়াকে 'অভ্যুত্থান' হিসেবে আখ্যা দিয়ে আসছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ