প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
জমি বরাদ্দের মাধ্যমে বাস্তবায়ন প্রক্রিয়ায় যশোর হার্ট ফাউন্ডেশন
ঢাকা নিউজ ডেস্ক ||
যশোরে হৃদরোগের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার কাজ আরও এক ধাপ এগিয়েছে। প্রতিষ্ঠানটির জন্য শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতক জমি বরাদ্দ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে জমির রেজিস্ট্রি সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।ফাউন্ডেশনের সভাপতি ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ জানান, বৃহত্তর যশোর অঞ্চলে মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা না থাকায় রোগীদের ঢাকা বা অন্যান্য বিভাগীয় শহরে যেতে হয়। এই জনগুরুত্বপূর্ণ প্রয়োজন মেটাতে গত বছরের এপ্রিলে খাস জমি বরাদ্দের আবেদন করা হয়েছিল। ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী দ্রুততম সময়ে এই জমি বরাদ্দ ও রেজিস্ট্রির প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুস্তাক হোসেন শিম্বা জানিয়েছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে অস্থায়ী কার্যালয়ে কার্যক্রম শুরুর পর থেকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধনসহ প্রয়োজনীয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। জমি প্রাপ্তিকে তিনি ফাউন্ডেশন প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসকের দপ্তরে ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদ এবং জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মাত্র এক বছর আগে যাত্রা শুরু করা এই প্রতিষ্ঠানটির দ্রুত জমি প্রাপ্তিতে স্থানীয় যশোরবাসীর মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে যশোরে একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও কাছাকাছি পৌঁছালো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ