প্রিন্ট এর তারিখ : ৩০ এপ্রিল ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
শ্রীলঙ্কার কাছে সিরিজ হারালো বাংলাদেশের মেয়েরা
ঢাকা নিউজ ডেস্ক ||
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও হারলো বাংলাদেশ। বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে সফরকারীদের কাছে ২১ রানে হেরেছে লাল-সবুজের দল। এর আগে প্রথম ম্যাচে ২৫ রানে হেরেছিল টাইগ্রেসরা। ফলে এক ম্যাচ হাতে থাকতেই সিরিজ নিশ্চিত করলো লঙ্কানরা।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। দলের পক্ষে অধিনায়ক চামারি আতাপাত্তু ৪২ এবং হার্ষিতা সামারাবিক্রমা করেন ৪৯ রান। বাংলাদেশের পক্ষে ফারিহা তৃষ্ণা, সুলতানা খাতুন, নাহিদা আক্তার ও রিতু মনি একটি করে উইকেট শিকার করেন।১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার দিলারা আক্তার ও জুয়াইরিয়া ফেরদৌস পাওয়ার প্লেতে দলকে ৪৬ রান উপহার দেন। দিলারা ২৩ এবং জুয়াইরিয়া ২৯ রান করে বিদায় নিলে ব্যাটিং বিপর্যয়ে পড়ে দল।এরপর অধিনায়ক নিগার সুলতানা ও সোবাহানা মোস্তারি দ্রুত ফিরে গেলে চাপে পড়ে বাংলাদেশ। শেষ দিকে শারমিন আক্তার অপরাজিত ৪৪ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। লঙ্কান বোলার কাভিশা দিলহারি ১৫ রানে ২ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি আগামী ২ মে একই মাঠে অনুষ্ঠিত হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ