প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
বিশ্বকাপে খেলতে নেইমারের সতর্ক অবস্থান ও বড় সিদ্ধান্ত
ঢাকা নিউজ ডেস্ক ||
ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র আসন্ন বিশ্বকাপে নিজের অংশগ্রহণ নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন। ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার তার ফিটনেস বজায় রাখতে এবং চোটের ঝুঁকি এড়াতে ব্রাজিলিয়ান সিরি আ-তে পালমেইরাসের বিপক্ষে বড় ম্যাচে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। মূলত বিশ্বকাপের স্বপ্ন বাঁচিয়ে রাখতেই তার এই সতর্ক অবস্থান।জিওগ্লোবোর প্রতিবেদন অনুযায়ী, নেইমার বর্তমানে তীব্র শারীরিক ক্লান্তিতে ভুগছেন। এছাড়া পালমেইরাসের আলিয়াঞ্জ পার্কের কৃত্রিম ঘাসের মাঠে চোট পাওয়ার প্রবল সম্ভাবনা থাকায় তিনি সান্তোসের হয়ে এই ম্যাচে মাঠে নামছেন না। মৌসুমের এই সংবেদনশীল সময়ে কোনো ধরনের নতুন চোট তার বিশ্বকাপ যাত্রাকে চিরতরে থামিয়ে দিতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তি এখনো বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেননি। নেইমার যুক্তরাষ্ট্রের মাটিতে অনুষ্ঠেয় এই আসরে অংশ নিতে সব ধরনের সতর্কতা মেনে চলছেন। ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ এই গোলদাতা (৭৯ গোল) তার বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশের হয়ে বড় কোনো শিরোপার আক্ষেপ ঘোচাতেই এবার মরিয়া হয়ে চেষ্টা করছেন।৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে কনফেডারেশন্স কাপ ও অলিম্পিক সোনা জিতলেও নেইমারের ঝুলিতে এখনো নেই কোনো বড় আন্তর্জাতিক ট্রফি। সেই অধরা স্বপ্ন পূরণের লক্ষ্যেই তিনি আপাতত প্রতিটি পদক্ষেপ অত্যন্ত সতর্কতার সঙ্গে নিচ্ছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ