প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ইরানকে আলোচনায় বসার আহ্বান জার্মান চ্যান্সেলরের
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানকে দ্রুত আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক ম্যার্ৎস। গত বৃহস্পতিবার দেশটির লোয়ার স্যাক্সনির ম্যুনস্টারে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনকালে তিনি এই মন্তব্য করেন। ম্যার্ৎস স্পষ্ট করে বলেন যে, ইরানের সামরিক কর্মসূচির অবসান হওয়া জরুরি এবং ইসরাইল বা তাদের সহযোগীদের ওপর কোনো ধরনের হামলা গ্রহণযোগ্য হবে না।হরমুজ প্রণালির বর্তমান অচলাবস্থা নিরসনে গুরুত্বারোপ করে চ্যান্সেলর জানান, প্রাসঙ্গিক শর্তগুলো পূরণ হলে সামুদ্রিক পথের স্বাধীনতা নিশ্চিত করতে জার্মানি সামরিকভাবে অবদান রাখতে প্রস্তুত। তিনি উল্লেখ করেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকলে তা বিশ্বব্যাপী ব্যাপক অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করবে, যা কারো জন্যই কাম্য নয়।সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে অর্থমন্ত্রী লার্স ক্লিংবাইলের সঙ্গে উপস্থিত হয়ে ম্যার্ৎস জানান, তিনি ইউরোপীয় কাউন্সিলের বৈঠকে ইরানের ওপর নিষেধাজ্ঞার চাপ বাড়ানোর পক্ষে তদবির করেছেন। সম্মিলিত ট্রান্সআটলান্টিক স্বার্থে জার্মানি এই বিষয়ে ওয়াশিংটনসহ অন্যান্য মিত্রদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছে বলেও তিনি নিশ্চিত করেন।সম্প্রতি পাকিস্তানে শান্তি আলোচনা নিয়ে টানাপোড়েনের জেরে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’ হয়েছে বলে মন্তব্য করেছিলেন ম্যার্ৎস। এর প্রেক্ষিতে সামাজিক যোগাযোগমাধ্যমে জার্মানিতে মার্কিন সামরিক উপস্থিতি কমানোর ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরান ও হরমুজ প্রণালি নিয়ে কড়া বার্তা দিলেন জার্মান চ্যান্সেলর।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ