প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
আগারগাঁওয়ে চিকিৎসার টাকা নিয়ে যাওয়ার পথে গৃহবধূকে কুপিয়ে ছিনতাই
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজধানীর আগারগাঁওয়ে শাশুড়ির চিকিৎসার টাকা নিয়ে হাসপাতালে যাওয়ার পথে ছিনতাইকারীদের হামলার শিকার হয়েছেন শিল্পী বেগম নামে এক গৃহবধূ। শুক্রবার ভোরে শেরেবাংলা নগর থানাধীন নির্বাচন কমিশন অফিসের সামনের রাস্তায় ৫-৬ জনের একদল সশস্ত্র ছিনতাইকারী তাকে কুপিয়ে নগদ ২৫ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন লুটে নেয়। বর্তমানে আহত ওই গৃহবধূকে প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় নেওয়া হয়েছে এবং তার অসুস্থ শাশুড়িকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতের স্বামী আব্দুল হক জানান, তার মা গুরুতর অসুস্থ হয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি থাকায় জরুরি টাকার প্রয়োজনে স্ত্রীকে বাসা থেকে টাকা নিয়ে আসতে বলেছিলেন। স্বামীর ফোন পেয়ে ভোর সাড়ে ৪টার দিকে কাফরুলের ইব্রাহিমপুর থেকে রিকশাযোগে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন শিল্পী বেগম। পথিমধ্যে নির্বাচন কমিশন অফিসের সামনে পৌঁছালে ছিনতাইকারীরা রিকশার গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে হাতে ও পায়ে জখম করে সব ছিনিয়ে নিয়ে যায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহত ওই নারী সকালে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু করেছে বলে জানা গেছে। মায়ের চিকিৎসার জন্য আনা টাকা ও ফোন হারিয়ে ভুক্তভোগী পরিবারটি এখন দিশেহারা অবস্থায় রয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ