প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ইরানে যেকোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরান যুদ্ধ শেষ হওয়ার দাবি করা হলেও ভেতরে ভেতরে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেন্থাল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এই চাঞ্চল্যকর তথ্য জানিয়েছেন। তিনি দাবি করেন, বিভিন্ন গোপন ব্রিফিং এবং নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী সামরিক হামলার পরিকল্পনা এখনও চূড়ান্ত পর্যায়ে রয়েছে।সিনেটর ব্লুমেন্থাল এই পরিকল্পনাকে ‘গভীরভাবে উদ্বেগজনক’ বলে অভিহিত করেছেন। তিনি আশঙ্কা প্রকাশ করেন যে, এ ধরনের অভিযানে মার্কিন সেনারা বিপদে পড়তে পারে এবং বড় ধরনের হতাহতের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। যদিও সামরিক গোপনীয়তার কারণে তিনি হামলার সুনির্দিষ্ট সময় উল্লেখ করেননি, তবে বিষয়টিকে একটি সক্রিয় সম্ভাব্য পরিকল্পনা হিসেবে নিশ্চিত করেছেন।এদিকে বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের কাছ থেকে ইরানের বিষয়ে নতুন সামরিক পরিকল্পনার বিস্তারিত শুনেছেন। ইরানকে নতুন চুক্তিতে বাধ্য করতে ট্রাম্প প্রশাসন নিরন্তর চাপ দিয়ে যাচ্ছে। সামরিক নেতারা দীর্ঘদিন ধরেই এ ধরনের বিকল্প নিয়ে আলোচনা চালিয়ে আসছেন বলে ব্লুমেন্থাল উল্লেখ করেন।অন্যদিকে ইরানও এখন পর্যন্ত নমনীয় হওয়ার কোনো আভাস দিচ্ছে না, যার ফলে সংকট অমীমাংসিত রয়ে গেছে। তেহরানের অনমনীয় অবস্থান এবং ওয়াশিংটনের সামরিক প্রস্তুতির ফলে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের শঙ্কা তীব্র হচ্ছে। বর্তমানে উভয় পক্ষের উত্তেজনার কেন্দ্রে রয়েছে পরবর্তী সামরিক পদক্ষেপের আশঙ্কা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ