প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
শ্রমিকদের ন্যূনতম মজুরি নিশ্চিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ রিজভীর
ঢাকা নিউজ ডেস্ক ||
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশে এখনো জাতীয় পর্যায়ের একটি মানসম্মত ন্যূনতম মজুরি কাঠামো নির্ধারিত হয়নি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।রিজভী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, শ্রমিকের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান মেহনতি মানুষের এই ন্যায্য দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন। তিনি বলেন, সভ্যতার চাকা শ্রমিকের ঘাম ও রক্তে ঘোরে, তাই তাদের জন্য একটি সম্মানজনক মজুরি নিশ্চিত করা এখন সময়ের দাবি। এছাড়া বর্তমানে লেবার কোর্ট ও ট্রাইব্যুনালগুলোতে শ্রমিকদের বিরুদ্ধে ঝুলে থাকা প্রায় ২৭ হাজার ৫০০ মামলার প্রতিকারের জন্যও তিনি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।দেশের শিল্প খাতের উন্নয়নে বন্ধ থাকা জুট মিলগুলো জাতীয় পলিসির মাধ্যমে পুনরায় সচল করার প্রস্তাব দেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, গত সরকারের আমলে ব্যক্তিগত স্বার্থে পরিকল্পিতভাবে রাষ্ট্রীয় বিভিন্ন বিদ্যুৎকেন্দ্র ও জুট মিল বন্ধ করে দেওয়া হয়েছিল। দেশের সম্পদ কাজে লাগিয়ে এসব প্রতিষ্ঠান আবারও চালু করা হলে লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হবে এবং দেশের অর্থনীতি আরও মজবুত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ