প্রিন্ট এর তারিখ : ০১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬
ইরানের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ব্যবহারের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বিরুদ্ধে নতুন প্রজন্মের শক্তিশালী হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা ভাবছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিডলইস্ট আই’-এর এক প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ‘ডার্ক ঈগল’ নামের অত্যন্ত গোপনীয় ও শক্তিশালী এই হাইপারসনিক মিসাইল মধ্যপ্রাচ্যে পাঠানোর অনুরোধ করেছে। এই ক্ষেপণাস্ত্রটি ইরানের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে দেশটির গভীর অভ্যন্তরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম।প্রতিবেদনে জানানো হয়েছে, ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলো এমন দূরত্বে সরিয়ে নিয়েছে যেখানে যুক্তরাষ্ট্রের বর্তমান মিসাইলগুলো কার্যকরভাবে পৌঁছাতে পারছে না। এই প্রতিকূল পরিস্থিতিতে ‘ডার্ক ঈগল’ মোতায়েনকে কৌশলগত সমাধান হিসেবে দেখছে পেন্টাগন। প্রায় ২,৭৭৬ কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্র অনুমোদন পেলে প্রথমবারের মতো কোনো বাস্তব যুদ্ধে মোতায়েন হতে যাচ্ছে। মূলত চীন ও রাশিয়ার মতো উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে ব্যবহারের জন্য এটি তৈরি করা হলেও বর্তমান পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে এর কার্যকারিতা যাচাই করতে চায় ওয়াশিংটন।এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানে নতুন করে হামলার পরিকল্পনা নিয়ে নিয়মিত ব্রিফিং দেওয়া হচ্ছে বলে জানা গেছে। সম্ভাব্য এই হামলায় ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু হতে পারে। বিশ্লেষকদের মতে, চলমান এই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় যেমন বাড়ছে, তেমনি অস্ত্রের মজুতেও টান পড়েছে। অন্যদিকে শান্তি আলোচনা এখনও অচলাবস্থায় থাকায় এবং দুই দেশই নৌপথে পাল্টাপাল্টি চাপ সৃষ্টি করায় মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি চরম অনিশ্চয়তার দিকে মোড় নিয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ