প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
হরমুজ প্রণালিতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ঘোষণা ইরানের
ঢাকা নিউজ ডেস্ক ||
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে নিজেদের নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করতে বড় ধরনের সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আইআরজিসি নৌবাহিনী জানিয়েছে, আরব উপসাগর ও হরমুজ প্রণালির প্রায় ২ হাজার কিলোমিটার ইরানি উপকূলীয় অঞ্চলে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্য অর্জনে শিগগিরই প্রয়োজনীয় সামরিক ও কৌশলগত পদক্ষেপ বাস্তবায়ন শুরু করবে দেশটি।ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম প্রেস টিভির প্রতিবেদন অনুযায়ী, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো হরমুজ প্রণালিকে ইরানের শক্তি ও গর্বের প্রতীক হিসেবে গড়ে তোলা। একইসঙ্গে অঞ্চলটিকে নিরাপত্তা ও অর্থনৈতিক সমৃদ্ধির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় তেহরান। বৈশ্বিক জ্বালানি বাণিজ্যের প্রায় ২০ শতাংশ এই ১৬৭ কিলোমিটার দীর্ঘ জলপথ দিয়ে পরিবাহিত হয়, যা এই পদক্ষেপকে আন্তর্জাতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে।যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরান এই অঞ্চলে তাদের অবস্থান কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। দেশটি হুঁশিয়ারি দিয়েছে যে, শত্রুভাবাপন্ন দেশগুলোর জাহাজ এই জলপথ ব্যবহার করলে তা লক্ষ্যবস্তু হতে পারে; তবে নিরপেক্ষ দেশগুলো শর্তসাপেক্ষে যাতায়াতের সুযোগ পাবে। ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সাম্প্রতিক বক্তব্যেও এই অঞ্চলে নতুন কৌশলগত অধ্যায় শুরুর ইঙ্গিত পাওয়া গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ