প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
সারাদেশে ৮০ হাজার নারী স্বাস্থ্যকর্মী নিয়োগ দিচ্ছে সরকার
ঢাকা নিউজ ডেস্ক ||
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, দেশে চিকিৎসাসেবার অপ্রতুলতা কাটিয়ে উঠতে এবং রোগ প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে, যার মধ্যে ৮০ শতাংশ বা ৮০ হাজারই হবেন নারী। শনিবার দুপুরে সিলেট নগর ভবনে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই পরিকল্পনার কথা জানান। এসব স্বাস্থ্যকর্মী সরাসরি গ্রামে গ্রামে গিয়ে মানুষের বাড়িতে স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির কাজ করবেন।সিলেট সফরের অংশ হিসেবে প্রধানমন্ত্রী নগরের চাঁদনিঘাটে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে একটি মেগা প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সমাবেশে তিনি জানান, সিলেটে পরিত্যক্ত অবস্থায় থাকা ২০০ শয্যার একটি হাসপাতাল দ্রুত চালু করা হবে এবং ওসমানী হাসপাতালেও উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি নদী ও পরিবেশ রক্ষায় এবং ভূগর্ভস্থ পানির স্তর রক্ষায় খাল খনন কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন।যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী সিলেট-ঢাকা মহাসড়কের জমি অধিগ্রহণ জটিলতা নিরসনের কথা উল্লেখ করে জানান, শিগগিরই এই সড়কের সম্প্রসারণ কাজ শুরু হবে। পাশাপাশি ফসলি জমি রক্ষা ও যানজট কমাতে ঢাকা-সিলেট রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনার কথা জানান তিনি। বন্ধ কলকারখানা চালু করে কর্মসংস্থান বৃদ্ধি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের পদক্ষেপের কথাও তিনি সমাবেশে উল্লেখ করেন।সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদীর এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর কথা স্মরণ করিয়ে দিয়ে সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ