প্রিন্ট এর তারিখ : ০২ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
সংবিধান সংস্কার ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করার অভিযোগ মির্জা ফখরুলের
ঢাকা নিউজ ডেস্ক ||
সংবিধান সংস্কার ও জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল উল্লেখ করেন, নির্বাচিত প্রতিনিধিরাই সংবিধান সংস্কার পরিষদ গঠন করবেন—এমন কোনো সিদ্ধান্তে বিএনপি কখনোই একমত ছিল না।অনুষ্ঠানে বিগত ১৫ বছরের শাসনের ফলে দেশের নৈতিক অবক্ষয় ও প্রশাসনিক ধ্বংসযজ্ঞ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন বিএনপি মহাসচিব। তিনি জানান, বর্তমান সরকার দেশ পরিচালনার গভীরে গিয়ে দেখছে যে পুরো ব্যবস্থাটি নীতি-নৈতিকতাহীন হয়ে পড়েছে। বর্তমানে দেশ ৮০ লাখ কোটি টাকা দেনাগ্রস্ত এবং এই সংকট থেকে উত্তরণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।জুলাই সনদ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এই সনদ তৈরির সময় সবকিছু ঐকমত্যের ভিত্তিতে করার কথা থাকলেও এখন তা এককভাবে চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে। এছাড়া তিনি জামায়াতে ইসলামীর বর্তমান তৎপরতাকে দেশকে অস্থির করার চেষ্টা হিসেবে অভিহিত করেন। সংসদের শেষ দিনে বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এবং এ বিষয়ে তারা দ্রুত সিদ্ধান্ত জানাবে বলেও তিনি উল্লেখ করেন।সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার উদাহরণ টেনে তিনি বলেন, সততা ছাড়া কোনো মহৎ কাজ সম্ভব নয়। বর্তমানে ধর্মীয় প্রতিষ্ঠান নির্মাণেও দুর্নীতির অভিযোগ তুলে তিনি বিশ্ব প্রেক্ষাপটে টিকে থাকতে মেধার চর্চা বাড়ানোর তাগিদ দেন। স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভীসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ