প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
নাচোলে বাস-ট্রাক ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুই আরোহী নিহত
ঢাকা নিউজ ডেস্ক ||
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বাস, ট্রাক ও মোটরসাইকেলের ভয়াবহ ত্রিমুখী সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৬টার দিকে উপজেলার ৩ নম্বর সদর ইউনিয়নের বেনিপুর মোড় এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা সম্পর্কে একে অপরের শালা-দুলাভাই।নিহতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বালুটুঙ্গি গ্রামের রবিউল ইসলাম জিসান (২৭) এবং নাচোল উপজেলার সোহাগ হোসেন (১৭)। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।নাচোল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে জিসান ও সোহাগ মোটরসাইকেলে করে নওগাঁর উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথে বেনিপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বাস ও ট্রাকের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান দুই আরোহী।দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ওসি সুকোমল চন্দ্র দেবনাথ জানান, ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এ ঘটনায় ঘাতক যানবাহনগুলোর বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। সকালে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ