প্রিন্ট এর তারিখ : ০৩ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
আজ প্রকাশিত হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি ফল
ঢাকা নিউজ ডেস্ক ||
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার প্রকাশিত হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের একজন কর্মকর্তা গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৫ এপ্রিল দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।এ বছর ৩১টি বিষয়ে ভর্তির জন্য মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দেশের ৮৮০টি কলেজে মোট ৪ লাখ ৫২ হাজার ৮৭৫টি আসনের বিপরীতে এই লড়াই অনুষ্ঠিত হয়। যার মধ্যে ৩৭৫টি সরকারি কলেজে ২ লাখ ৭০ হাজার ৫২০টি এবং ৫০৫টি বেসরকারি কলেজে ১ লাখ ৮২ হাজার ৩৫৫টি আসন রয়েছে।উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য ৩ লাখ ৯৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ বিরতির পর গত বছর থেকে পুনরায় লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে, যা আগে কেবল এসএসসি ও এইচএসসি ফলের ভিত্তিতে সম্পন্ন হতো।ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উপাচার্য জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম ও পাঠ্যসূচিতে বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে। এর মধ্যে ইংরেজি ও আইসিটি বিষয় বাধ্যতামূলক করা, ট্রেড কোর্স চালু এবং আগামী বছরের মধ্যে সেশনজট সম্পূর্ণ নিরসনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আদেনকারীরা আজ বিকাল থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রক্রিয়ায় ফলাফল জানতে পারবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ