প্রিন্ট এর তারিখ : ২৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্ত সঠিক ছিল বলে দাবি কিম জং উনের
ঢাকা নিউজ ডেস্ক ||
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন মন্তব্য করেছেন যে, যুক্তরাষ্ট্রের দেওয়া চাপ এবং ‘মিষ্টি কথা’ প্রত্যাখ্যান করে নিজেদের পারমাণবিক অস্ত্র ধরে রাখার সিদ্ধান্তটি সঠিক ছিল। মঙ্গলবার উত্তর কোরিয়ার পার্লামেন্ট সুপ্রিম পিপলস অ্যাসেম্বলিতে দেওয়া এক ভাষণে তিনি জোর দিয়ে বলেন, পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে উত্তর কোরিয়ার মর্যাদা এখনো অপরিবর্তনীয়। ওয়াশিংটনের বিরুদ্ধে রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাস ও আগ্রাসনের অভিযোগ তুলে তিনি জানান, বর্তমান পরিস্থিতিই প্রমাণ করে যে পারমাণবিক অস্ত্র ত্যাগের প্রস্তাব ফিরিয়ে দিয়ে পিয়ংইয়ং সঠিক কাজ করেছে।ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতের প্রসঙ্গ টেনে কিম বলেন, এই ঘটনা উত্তর কোরিয়ার নেতৃত্বের দীর্ঘদিনের বিশ্বাসকে আরও মজবুত করেছে। তার মতে, যেসব দেশের কাছে পারমাণবিক অস্ত্র নেই তারা মার্কিন সামরিক শক্তির মুখে অনেক বেশি অরক্ষিত, অন্যদিকে এই অস্ত্র থাকা দেশগুলো যুক্তরাষ্ট্রের আক্রমণ ঠেকানোর ক্ষমতা রাখে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিমুখী বক্তব্যের সমালোচনা করে কিম উন উল্লেখ করেন, ট্রাম্প একদিকে ইরানকে হুমকি বলছেন, আবার কয়েক মাস আগে তাদের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি ধ্বংসের দাবি করেছিলেন।কিম জং উনের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পুনরায় আলোচনার ইঙ্গিত দিচ্ছেন এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীও ওয়াশিংটনে এ বিষয়ে অনির্ধারিত বৈঠক করেছেন। সম্প্রতি উত্তর কোরিয়া বেশ কিছু শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে, যার মধ্যে নতুন যুদ্ধজাহাজ থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রকেটের মহড়া উল্লেখযোগ্য। কর্মকর্তাদের মতে, ওয়াশিংটন ও সিউল এখন পিয়ংইয়ংয়ের এই অস্ত্র উন্নয়নের বিরুদ্ধে কৌশলগত সমন্বয় ও নতুন করে কূটনীতি শুরুর বিষয়ে গুরুত্ব দিচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ