প্রিন্ট এর তারিখ : ২৫ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ নিরসনে ট্রাম্পের ১৫ দফার গোপন প্রস্তাব
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাত বন্ধে পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে ১৫ দফার একটি শান্তি প্রস্তাব পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও প্রস্তাবের সবকটি দফা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর সূত্রমতে এর মূল লক্ষ্য হলো ইরানের পরমাণু কর্মসূচিতে কঠোর বিধিনিষেধ আরোপ এবং হরমুজ প্রণালিতে আরোপিত অবরোধ প্রত্যাহার। মার্কিন ও ইসরায়েলি কর্মকর্তাদের মতে, এই চুক্তির আওতায় ইরানকে তাদের ইউরেনিয়াম বিশুদ্ধকরণ কর্মসূচি সম্পূর্ণ বন্ধ করতে হবে এবং বর্তমানে মজুত থাকা প্রায় ৪০০ কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে।ট্রাম্পের এই প্রস্তাবে হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচলের বিষয়টি বিশেষ গুরুত্ব পেয়েছে। শর্ত অনুযায়ী, ইরান যদি এই গুরুত্বপূর্ণ জলপথ থেকে অবরোধ সরিয়ে নেয়, তবে তার বিনিময়ে দেশটির ওপর থেকে যাবতীয় অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেবে ওয়াশিংটন। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, ইরান যদি এই প্রস্তাবগুলোতে প্রাথমিক সম্মতি জানায়, তবে যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এক মাসের যুদ্ধবিরতি ঘোষণা করবে। এই বিরতিকালীন সময়েই উভয় দেশের প্রতিনিধিরা প্রস্তাবের দফাগুলো নিয়ে বিস্তারিত আলোচনায় বসবেন।এদিকে রণক্ষেত্রে উত্তেজনা কমেনি; আজই হরমুজ প্রণালিতে নিয়ম ভঙ্গের অভিযোগে পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করে পুনরায় ঘুরপথে পাঠিয়ে দিয়েছে ইরানের আইআরজিসি। অন্যদিকে লেবাননের আকাশে ইসরায়েলি যুদ্ধবিমান প্রতিহতের দাবি করেছে হিজবুল্লাহ। উদ্ভূত পরিস্থিতিতে ভারত সরকার আজ বিকেলে নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের সর্বদলীয় বৈঠক ডেকেছে। তেহরান ইতোমধ্যে স্পষ্ট করেছে যে, তারা এই সংকটে পাকিস্তানের পাশাপাশি ভারতের মতো বিশ্বস্ত ও ঐতিহাসিক মিত্রকেও প্রধান মধ্যস্থতাকারী হিসেবে দেখতে চায়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ