প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন সত্যি করলেন বিজয়
ঢাকা নিউজ ডেস্ক ||
ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিশাল জয় পেয়েছে দক্ষিণী সুপারস্টার বিজয় থালাপতির রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কাজাগাম (টিভিকে)। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই বিজয়ের এই অভাবনীয় সাফল্য দেশটির রাজনৈতিক মহলে ব্যাপক চমক তৈরি করেছে। এই জয়ে উচ্ছ্বসিত বিজয়ের পরিবার এবং তার অগণিত ভক্ত অনুরাগী।ছেলের এমন ঐতিহাসিক সাফল্যে গর্বিত বাবা ও চলচ্চিত্র পরিচালক এস এ চন্দ্রশেখর সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, বিজয় তাকে আগেই বলেছিলেন যে তিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হবেন। গত দুই বছর ধরে বিজয়ের মধ্যে যে অসাধারণ আত্মবিশ্বাস ও সাহস ছিল, সেটিই আজ তাকে এই অবস্থানে নিয়ে এসেছে।চন্দ্রশেখর আরও বলেন, কোনো জোট ছাড়াই এককভাবে লড়াই করার যে সাহস বিজয় দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এটি তামিলনাড়ু ও সেখানকার মানুষের জন্য ভালো ফল বয়ে আনবে। বিজয়ের মা শোভা চন্দ্রশেখরও ছেলের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত বলে তিনি জানান।বিজয়ের জয়ের খবর ছড়িয়ে পড়ার পর তার বাড়ির সামনে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশের পাশাপাশি অতিরিক্ত নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। এই আনন্দঘন মুহূর্তের মধ্যে বিজয়ের বাড়িতে দীর্ঘদিনের সহ-অভিনেত্রী ও ঘনিষ্ঠ বন্ধু তৃষা কৃষ্ণানকেও দেখা গেছে।এদিকে বিজয়ের এই অসাধারণ জয়ে তাকে অভিনন্দন জানিয়েছেন তামিল তারকা নানি ও ভেঙ্কট প্রভুসহ বিনোদন জগতের আরও অনেকে। দীর্ঘ ৪৯ বছরের রেকর্ড ভেঙে বিজয়ের এই উত্থান তামিলনাড়ুর রাজনীতিতে নতুন এক অধ্যায়ের সূচনা করল বলে ধারণা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ