প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
বাংলাদেশ প্রতিদিনকে গুঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে চ্যাম্পিয়ন যুগান্তর
ঢাকা নিউজ ডেস্ক ||
কুল-বিএসজেএ মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টে বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের দাপট বজায় রেখেছে টিম যুগান্তর। মঙ্গলবার দ্বিতীয় রাউন্ডের ম্যাচে তারা ৫-১ গোলের বড় ব্যবধানে বাংলাদেশ প্রতিদিনকে পরাজিত করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। বাফুফে ভবন সংলগ্ন আর্টিফিশিয়াল টার্ফে অনুষ্ঠিত এই ম্যাচে পুরোটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে যুগান্তর।খেলার শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে প্রতিপক্ষকে চাপে রাখে যুগান্তর। ম্যাচের দ্বিতীয় মিনিটেই অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরানের গোলে লিড নেয় তারা। এরপর বিরতিতে যাওয়ার আগে জ্যোতির্ময় মণ্ডলের চমৎকার এক ভলি এবং অধিনায়ক ইমরানের ব্যক্তিগত দ্বিতীয় গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা।দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে যুগান্তর। ম্যাচের চতুর্থ গোলটি করেন জ্যোতির্ময় এবং পঞ্চম গোলটি আসে মোহাম্মদ রিয়াসাদ আলিমের পা থেকে। শেষ দিকে বাংলাদেশ প্রতিদিন একটি গোল শোধ দিলেও তা কেবল ব্যবধানই কমিয়েছে। ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচসেরা নির্বাচিত হয়েছেন টিম যুগান্তরের অধিনায়ক সাদ্দাম হোসেন ইমরান।এই জয়ের মাধ্যমে শেষ আট নিশ্চিত করা যুগান্তরের পরবর্তী প্রতিপক্ষ চ্যানেল আই। আগামীকাল বুধবার সকাল সাড়ে নয়টায় সেমিফাইনালে ওঠার লড়াইয়ে তারা মাঠে নামবে। টুর্নামেন্টের অন্য কোয়ার্টার ফাইনালিস্টরা হলো দ্য ডেইলি স্টার, স্টার নিউজ, দীপ্ত টিভি, ক্রিকফ্রেঞ্জি, কালের কণ্ঠ ও কালবেলা।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ