প্রিন্ট এর তারিখ : ০৫ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
সব ডিসি কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশ
ঢাকা নিউজ ডেস্ক ||
আগামী পাঁচ বছরের মধ্যে সৌরশক্তির মাধ্যমে ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে আগামী তিন মাসের মধ্যে দেশের সব জেলা প্রশাসক কার্যালয়ে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।মন্ত্রী বলেন, পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইন দীর্ঘ হওয়ার কারণে কারিগরি ত্রুটি সারাতে কিছুটা সময় লাগে, যাকে লোডশেডিং বলা ঠিক হবে না। তিনি স্পষ্ট করেন যে, সাম্প্রতিক বিদ্যুৎ বিভ্রাটের পেছনে তেলের কোনো সংকট ছিল না, বরং যান্ত্রিক গোলযোগই ছিল মূল কারণ। এছাড়া তেলের কৃত্রিম সংকট মোকাবিলায় জেলা প্রশাসকদের ভূমিকার জন্য তিনি বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।ডিসি সম্মেলনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। নবায়নযোগ্য জ্বালানির প্রসার ঘটাতে জেলা প্রশাসকেরা পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে মন্ত্রী উল্লেখ করেন। এই উদ্যোগকে সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ