প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ ৯ মে ঢাকায় পৌঁছাবে
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রে নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে ঢাকায় এসে পৌঁছাবে। মঙ্গলবার মধ্যরাতে ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।দূতাবাসের দেওয়া তথ্য অনুযায়ী, ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭ মে রাত ৮টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহ প্রথমে দুবাই নেওয়া হবে। এরপর সেখান থেকে ৯ মে সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। পুরো প্রক্রিয়াটি মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট এবং ওয়াশিংটন দূতাবাস যৌথভাবে তদারকি করছে।আজ বুধবার দুপুর ২টায় ফ্লোরিডার টাম্পায় বৃষ্টির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে স্থানীয় বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেবেন। উল্লেখ্য, গত ১৬ এপ্রিল যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় অধ্যয়নরত শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন।পরবর্তীতে এই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে গ্রেফতার করে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৪ এপ্রিল লিমনের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এই দুই শিক্ষার্থীই দেশটিতে উচ্চশিক্ষার জন্য অবস্থান করছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ