প্রিন্ট এর তারিখ : ০৬ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের যুগে প্রবেশ করল তুরস্ক
ঢাকা নিউজ ডেস্ক ||
তুরস্ক প্রথমবারের মতো ৬ হাজার কিলোমিটার পাল্লার একটি শক্তিশালী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে। মঙ্গলবার ইস্তাম্বুলে অনুষ্ঠিত ‘সাহা এক্সপো’ প্রতিরক্ষা প্রদর্শনীতে ‘ইয়েলদিরিমহান’ নামের এই ক্ষেপণাস্ত্রটি প্রদর্শন করা হয়। এই অর্জনের মাধ্যমে তুরস্ক বিশ্বের হাতেগোনা কয়েকটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী দেশের তালিকায় নিজের নাম লেখাল।প্রতিরক্ষাসংশ্লিষ্ট সূত্রের দাবি অনুযায়ী, এই ক্ষেপণাস্ত্রটির মাধ্যমে তুরস্ক ইউরোপ, আফ্রিকা ও এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে লক্ষ্যভেদ করতে সক্ষম হবে। চারটি ইঞ্জিন বিশিষ্ট এই ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ৯ থেকে ২৫ গুণ বেশি গতিতে চলতে পারে এবং প্রায় ৩ হাজার কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র নিজস্ব প্রযুক্তিতে এটি তৈরি করেছে।প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলার এই প্রদর্শনীতে উপস্থিত থেকে বলেন, তুরস্ক তার মিত্রদের শুধু উন্নত অস্ত্রই দিচ্ছে না, বরং সাশ্রয়ী ও টেকসই নিরাপত্তা প্রযুক্তি উপহার দিচ্ছে। তুরস্কের তৈরি এই নিখুঁত লক্ষ্যভেদী গোলাবারুদগুলো ন্যাটোর মানদণ্ড অনুযায়ী তৈরি করা হয়েছে, যা বিভিন্ন দেশের সামরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক হবে।সাম্প্রতিক বছরগুলোতে মধ্যপ্রাচ্য ও ইউরোপের ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং প্রতিবেশী দেশগুলোর সংঘাতময় পরিস্থিতির প্রেক্ষিতে কৌশলগত নিরাপত্তার প্রয়োজনে এই সক্ষমতা অর্জন করেছে তুরস্ক। বিশ্লেষকদের মতে, এই আধুনিক সমরাস্ত্র তুরস্কের সামরিক শক্তি বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক প্রতিরক্ষা বাজারে দেশটির অবস্থানকে আরও সুসংহত করবে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ