প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
মাদারীপুরে হত্যা ও ধর্ষণসহ ১৭ মামলার আসামি গ্রেফতার
ঢাকা নিউজ ডেস্ক ||
মাদারীপুরের কালকিনি উপজেলার আলোচিত সন্ত্রাসী ফয়সাল তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। গ্রেফতার ফয়সাল কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের কালাই সরদারের চর গ্রামের বজলু তালুকদারের ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, চুরি, ছিনতাই, ডাকাতি ও চাঁদাবাজিসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৭টি মামলা রয়েছে।স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ফয়সাল দীর্ঘদিন ধরে কালকিনি উপজেলার অন্তত পাঁচটি ইউনিয়নে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আধিপত্য বিস্তার করে আসছিলেন। সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ ওঠে, যার ফলে ভুক্তভোগী পরিবারটি এলাকা ছাড়তে বাধ্য হয়। এছাড়া একই এলাকায় এক চা দোকানির লাশ উদ্ধারের ঘটনায়ও তার সংশ্লিষ্টতা রয়েছে বলে স্থানীয়দের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানিয়েছেন, ফয়সাল বিভিন্নভাবে গ্রেফতার এড়ানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত পুলিশের অভিযানে ধরা পড়েন। বর্তমানে তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। সেই সঙ্গে তার অপরাধী সহযোগীদের শনাক্ত করে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছে পুলিশ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ