প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
অস্ত্র উৎপাদন ‘যুদ্ধকালীন পর্যায়ে’ নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র
ঢাকা নিউজ ডেস্ক ||
ইরানে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরায়েলি আগ্রাসন এবং এর জবাবে তেহরানের পাল্টাপাল্টি হামলায় নজিরবিহীন ক্ষতির মুখে পড়েছে ওয়াশিংটন। পরিস্থিতি সামাল দিতে এবার প্রতিরক্ষা সরঞ্জাম ও অস্ত্র উৎপাদন ‘সর্বোচ্চ পর্যায়ে’ নেওয়ার ঘোষণা দিয়েছে পেন্টাগন। বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর বিশেষ করে ‘প্রিসিশন স্ট্রাইক মিসাইল’ বা লক্ষ্যবস্তুতে নিখুঁত হামলায় সক্ষম ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে কার্যকর ‘থাড’ (THAAD) প্রতিরক্ষা ব্যবস্থার উৎপাদন বহুগুণ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ স্পষ্ট করেছেন যে, তিনি বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রতিরক্ষা শিল্পকে ‘যুদ্ধকালীন পর্যায়ে’ নিয়ে যেতে চান।পেন্টাগনের এই যুদ্ধংদেহী মনোভাবের মধ্যেই মার্কিন অভ্যন্তরীণ রাজনীতিতে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সিনেটর বার্নি স্যান্ডার্স ইরান যুদ্ধের জন্য প্রস্তাবিত ২০০ বিলিয়ন ডলারের অর্থায়ন আটকে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এবং ইসরায়েলে অস্ত্র সরবরাহ বন্ধের দাবি তুলেছেন। অন্যদিকে, ওভাল অফিসে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যকার গোপন বৈঠকের প্রভাব নিয়ে যে তোলপাড় চলছে, তা মার্কিন প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। এমন এক জটিল সমীকরণে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আবার দাবি করছেন যে তিনি ইরানের কাছ থেকে একটি ‘মূল্যবান উপহার’ পেয়েছেন এবং আলোচনার মাধ্যমে যুদ্ধ সমাপ্তির পথ খুঁজছেন।রণক্ষেত্রে উত্তেজনার পারদ আরও চড়েছে যখন ইরান দাবি করেছে তারা মার্কিন রণতরি ‘ইউএসএস আব্রাহাম লিংকন’-এ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে প্রায় ২৪ কোটি টাকা টোল আদায় শুরু করেছে। এমন পরিস্থিতিতে বৈশ্বিক জ্বালানি বাজার ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় ভারত আজ বিকেলে নয়াদিল্লিতে একটি উচ্চপর্যায়ের সর্বদলীয় বৈঠক ডেকেছে। তেহরান ইতিপূর্বেই নয়াদিল্লিকে এই সংকটের অন্যতম প্রধান ও বিশ্বস্ত মধ্যস্থতাকারী হিসেবে পাওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ