প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
তৃণমূলের পরাজয়ে গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করলেন কাঞ্চন মল্লিক
ঢাকা নিউজ ডেস্ক ||
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পর দলের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে মুখ খুলেছেন বিদায়ী বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক। রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নেওয়া এই অভিনেতা জানান, তৃণমূলের মধ্যে যদি তীব্র গোষ্ঠীদ্বন্দ্ব না থাকত, তবে হয়তো এই পরাজয় হতো না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে রাজনীতিতে এলেও কাজ করার ক্ষেত্রে নানা অসহযোগিতা ও ভালো ব্যবহারের অভাব দেখেছেন বলে তিনি দাবি করেন।কাঞ্চন মল্লিক জানান, উত্তরপাড়ার বিধায়ক হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করলেও তাকে কোনো নির্দিষ্ট অফিস দেওয়া হয়নি, বরং একটি ক্লাবে বসে তাকে কাজ করতে হয়েছে। তিনি আরও বলেন, কেবল মমতার মুখের দিকে তাকিয়ে এতদিন দলের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে কোনো কথা বলেননি। তবে এক সময় তার মনে হয়েছে রাজনীতির মঞ্চ তার জন্য নয় এবং তিনি বিধায়ক পদের যোগ্য নন, যার ফলে এই বছর নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।দলের হারে দুঃখ প্রকাশ করলেও বন্ধু রুদ্রনীল ঘোষের জয়ে আনন্দিত কাঞ্চন। রুদ্রনীল দীর্ঘদিন রাজনীতির শিকার ও ব্রাত্য ছিলেন উল্লেখ করে তিনি তার পাশে দাঁড়িয়েছেন। তবে ভবিষ্যতে বিজেপিতে যোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই জানিয়ে কাঞ্চন বলেন, আপাতত তিনি তার ৩০ বছরের অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে ইন্ডাস্ট্রিতেই মনোনিবেশ করতে চান।রাজনৈতিক ব্যস্ততা কাটিয়ে বাকি সময়টুকু স্ত্রী ও সন্তানের সঙ্গে কাটাতে চান এই অভিনেতা। বর্তমানে তার মেয়ে অসুস্থ থাকায় এবারের জন্মদিন বড় করে পালন না করে ঘরেই ছোট পরিসরে উদযাপন করার কথা জানিয়েছেন তিনি। এক সময়ের সক্রিয় এই রাজনীতিক এখন অভিনয় ও পরিবারকেই তার জীবনের মূল কেন্দ্রবিন্দু হিসেবে দেখছেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ