প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের অন্য আদালতে প্রভাব বিস্তারে নিষেধাজ্ঞা
ঢাকা নিউজ ডেস্ক ||
হাইকোর্ট বিভাগে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে দায়িত্বরত ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের নিজ দায়িত্বের বাইরের কোনো বেঞ্চে গিয়ে প্রভাব বিস্তার না করার কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে) অ্যাটর্নি জেনারেল কার্যালয় থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।অ্যাটর্নি জেনারেল অফিসের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, কর্তৃপক্ষের গোচরীভূত হয়েছে যে—কিছু ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেল আদালত চলাকালীন সময়ে নিজ নিজ আদালত ছেড়ে অন্য আদালতে গিয়ে বিভিন্ন মামলায় প্রভাব বিস্তারের চেষ্টা করেন।এই পরিস্থিতি মোকাবিলায় এবং আদালতের শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে যে, আদালত চলাকালীন সময়ে তারা যেন নিজ নিজ আদালত ব্যতীত অন্য কোনো আদালতে উপস্থিত না হন। মূলত সরকারি কৌঁসুলিদের পেশাদারিত্ব নিশ্চিত করতে এবং বিচারিক প্রক্রিয়ায় কোনো ধরণের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ রোধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ