প্রিন্ট এর তারিখ : ০৭ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
হয়রানি ছাড়াই রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর
ঢাকা নিউজ ডেস্ক ||
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালনা পরিষদের নবনিযুক্ত সভাপতি নুরুল হক নুর বলেছেন, চিকিৎসাসেবা মানুষের একটি মৌলিক অধিকার। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সঠিক সেবা পায়, তা গুরুত্বের সঙ্গে নিশ্চিত করা হবে। বৃহস্পতিবার বেলা ১১টায় পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন ও বিভিন্ন বিভাগ ঘুরে দেখার সময় তিনি এসব কথা বলেন।হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি মনোনীত হওয়ার পর এটি ছিল প্রতিমন্ত্রীর প্রথম সফর। পরিদর্শনকালে তিনি জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, শিশু বিভাগসহ বিভিন্ন ইউনিট সরেজমিন পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। এসময় রোগীরা ওষুধ সংকট, শয্যা স্বল্পতা এবং জনবল ঘাটতিসহ বিভিন্ন সীমাবদ্ধতার কথা প্রতিমন্ত্রীর কাছে তুলে ধরেন।পরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নুরুল হক নুর। তিনি উল্লেখ করেন, পটুয়াখালীর সাধারণ মানুষ যেন উন্নত চিকিৎসার জন্য ঢাকামুখী না হয়ে নিজ জেলাতেই মানসম্মত সেবা পায়, সেটিই তার মূল লক্ষ্য। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব দূর করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার প্রতিশ্রুতি দেন তিনি।চিকিৎসকদের পক্ষ থেকে জনবল সংকট ও আধুনিক যন্ত্রপাতির অভাবের কথা জানানো হলে প্রতিমন্ত্রী সেবার মান বাড়াতে সব ধরনের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। পরিদর্শন শেষে তিনি হাসপাতালের কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ দেওয়ার পাশাপাশি রোগীদের সেবার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ