প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬
যুদ্ধবিরতিতে ইরানের কঠোর চার শর্ত ও ক্ষতিপূরণ দাবি
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে যুদ্ধবিরতির লক্ষ্যে নিজেদের শর্তাবলি নির্ধারণ করেছে ইরান। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত হামলায় হওয়া যাবতীয় ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দাবি করেছে দেশটি। পাশাপাশি হরমুজ প্রণালির ওপর নিজেদের পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখার শর্ত দিয়েছে ইসলামি প্রজাতন্ত্রী সরকার।ইরানের পক্ষ থেকে আরও শর্ত দেওয়া হয়েছে যে, ভবিষ্যতে দেশটির ওপর আর কোনো হামলা চালানো হবে না মর্মে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে প্রতিশ্রুতি দিতে হবে। এছাড়া ইরানের নিজস্ব ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর কোনো ধরনের বিধিনিষেধ আরোপ করা যাবে না বলেও সাফ জানিয়ে দিয়েছে তেহরান।রয়টার্স এই শর্তগুলোকে ইরানের কঠোর দরকষাকষির মনোভাব হিসেবে উল্লেখ করেছে। কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সংঘাত নিরসনের প্রক্রিয়ায় ইরান বড় ধরনের ছাড় চাইছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি থেকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র ইস্যুতে চলা ২১ দিনের ব্যর্থ সংলাপের পর ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এই যুদ্ধে ইতোমধ্যে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও শীর্ষ সামরিক কমান্ডারসহ দুই হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।বর্তমানে আন্তর্জাতিক চাপের মুখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধবিরতি চাইছে এবং এক্ষেত্রে পাকিস্তানকে প্রধান মধ্যস্থতাকারী হিসেবে বেছে নিয়েছে। পাকিস্তানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ১৫ দফা প্রস্তাবের মধ্যেই ইরান নিজেদের এই পাল্টা শর্তগুলো সামনে আনলো।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ