প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
শনিবারও বাস পাবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
ঢাকা নিউজ ডেস্ক ||
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির মুখে অবশেষে শনিবার বাস ট্রিপ চালুর অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউজিসি থেকে পরিবহন খাতে অতিরিক্ত সাড়ে চার কোটি টাকা বরাদ্দ পাওয়ার পরও প্রক্রিয়াটি আটকে থাকার অভিযোগে এদিন সিনেট ভবনের সামনে বিক্ষোভ করেন ডাকসু নেতারা।আন্দোলন চলাকালে ডাকসু নেতৃবৃন্দ অভিযোগ করেন, পরিবহন খাতের জন্য বিশেষ বরাদ্দ আনা হলেও প্রশাসনিক জটিলতায় শনিবারের বাস সার্ভিস চালু করা হচ্ছিল না। এক পর্যায়ে ডাকসু নেতারা সিনেট ভবনের ভেতরে চলমান সিন্ডিকেট সভায় প্রবেশ করলে উপাচার্য ও সিন্ডিকেট সদস্যদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। পরবর্তীতে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীর আশ্বাসে পরিস্থিতি শান্ত হয়।উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম শিক্ষার্থীদের দাবিটি এজেন্ডাভুক্ত করার পর সিন্ডিকেট সভায় এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে উপস্থিত একজন সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেন যে, শিক্ষার্থীদের যাতায়াত সুবিধার্থে এখন থেকে শনিবারও বিশ্ববিদ্যালয়ের বাস চলাচল করবে।ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ জানান, ইউজিসি থেকে আনা এই বিশেষ বরাদ্দ শিক্ষার্থীদের স্বার্থে দুই বছরের জন্য নিশ্চিত করা হয়েছে। প্রশাসনের এই নতুন সিদ্ধান্তের ফলে শিক্ষার্থীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তির অবসান ঘটবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ