প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
জাতীয় পাবলিক টয়লেট নীতিমালার চূড়ান্ত খসড়া অনুমোদন
ঢাকা নিউজ ডেস্ক ||
সারাদেশে মানসম্মত ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট সুবিধা নিশ্চিত করতে ‘জাতীয় পাবলিক টয়লেট নীতিমালা ২০২৬’-এর খসড়া অনুমোদন করা হয়েছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে।এই নীতিমালার প্রধান উদ্দেশ্য হলো জনসাধারণের মধ্যে পাবলিক টয়লেট ব্যবহার, রক্ষণাবেক্ষণ ও পরিচ্ছন্নতা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এর মাধ্যমে নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক এবং প্রান্তিক জনগোষ্ঠীর জন্য ব্যবহারবান্ধব টয়লেট সুবিধা নিশ্চিত করে জনস্বাস্থ্যের মান উন্নয়নের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একইসাথে এই ব্যবস্থার দীর্ঘমেয়াদী কার্যকারিতার জন্য কার্যকর ব্যবস্থাপনা মডেল ও অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে।নতুন এই নীতিমালার আওতায় শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতন করতে শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলো বিশেষ কার্যক্রম গ্রহণ করবে। এছাড়া ভবিষ্যৎ ভৌত অবকাঠামো সংক্রান্ত সকল উন্নয়ন প্রকল্পে নারীদের জন্য পৃথক টয়লেট নির্মাণ বাধ্যতামূলক করা হয়েছে।পরিবেশ রক্ষায় প্রতিটি টয়লেটের বর্জ্য সংরক্ষণের জন্য সেফটি ট্যাংক নির্মাণ আবশ্যিক করা হয়েছে, যাতে কোনোভাবেই বর্জ্য নদী বা জলাশয়ে মিশে পানি দূষণ করতে না পারে। টয়লেট ব্যবহার ও ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরিতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয় সমন্বিতভাবে উদ্যোগ নেবে।স্থানীয় সরকার বিভাগ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ যৌথভাবে দেশের সকল সড়ক ও মহাসড়কের উপযুক্ত স্থানে নারী ও পুরুষের জন্য আলাদা টয়লেট স্থাপনের কাজ পরিচালনা করবে। এই নীতিমালাটি মাঠপর্যায়ে বাস্তবায়নের জন্য নির্দিষ্ট মন্ত্রণালয় ও বিভাগভিত্তিক সময়াবদ্ধ কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ