প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
দেশের বাজারে ভরিতে ২২১৬ টাকা বাড়ল স্বর্ণের দাম
ঢাকা নিউজ ডেস্ক ||
টানা পাঁচ দফা কমার পর দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ২ হাজার ২১৬ টাকা বৃদ্ধি করে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করেছে। বৃহস্পতিবার সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বাজুস এই সিদ্ধান্তের কথা জানায়, যা সেদিন সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধি পাওয়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২১৩ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকায়।এর আগে গত ৬ মে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা করা হয়েছিল। নতুন এই বৃদ্ধির ফলে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৬৩ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হলো, যার মধ্যে ৩৫ বার দাম বাড়ানো হয়েছে এবং ২৮ বার কমানো হয়েছে। উল্লেখ্য, গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ