প্রিন্ট এর তারিখ : ০৮ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
নিহত শিক্ষার্থী নাহিদা বৃষ্টির লাশ পৌঁছাবে শনিবার
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মর্মান্তিক হত্যাকাণ্ডে নিহত বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির লাশ দেশের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লাশটি রওয়ানা হয়। দুবাই হয়ে আগামী শনিবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহটি বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে।লাশ প্রেরণের পুরো প্রক্রিয়াটি মায়ামিস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সরাসরি তদারকিতে সম্পন্ন হয়েছে। দ্রুততম সময়ে আইনি ও প্রশাসনিক জটিলতা কাটিয়ে কনসাল জেনারেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে মরদেহটি বিমানে তোলা হয়। নিহত অপর শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের লাশও একইভাবে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে এবং দুই শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর সম্পূর্ণ ব্যয় বহন করছে বাংলাদেশ সরকার।এর আগে গত ১ মে হিলসবোরো কাউন্টি শেরিফ অফিস নাহিদা সুলতানা বৃষ্টির পরিচয় শনাক্ত করে। এরপর ওয়াশিংটন ডিসির বাংলাদেশ দূতাবাস, স্থানীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়। বৃহস্পতিবার বাদ জোহর টাম্পার ইস্তাবা ইসলামিক সোসাইটি মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়, যেখানে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।এদিকে ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা কর্তৃপক্ষ নিহত দুই শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টি ও জামিল আহমেদ লিমনকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। বিশ্ববিদ্যালয়ের আসন্ন বসন্তকালীন সমাবর্তনে এই ডিগ্রি প্রদান করা হবে। কনস্যুলেটের একজন প্রতিনিধি সমাবর্তনে উপস্থিত থেকে নিহত দুই শিক্ষার্থীর পরিবারের পক্ষ থেকে এই সম্মাননা গ্রহণ করবেন বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ