প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব: ধর্মমন্ত্রী কায়কোবাদ
ঢাকা নিউজ ডেস্ক ||
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার অত্যন্ত কৃষি ও কৃষকবান্ধব। দায়িত্ব গ্রহণের পর থেকেই সরকার কৃষকদের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন যুগান্তকারী কার্যক্রম বাস্তবায়ন করছে। শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ধর্মমন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান সরকার দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বদ্ধপরিকর। এছাড়া সরকার ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতা চালু এবং ফ্যামিলি কার্ড বিতরণের মতো জনকল্যাণমূলক কাজ শুরু করেছে। এ সরকার জনগণের সরকার এবং জনগণের কল্যাণেই সর্বদা নিয়োজিত থাকবে বলে তিনি পুনর্ব্যক্ত করেন।মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার একেএম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পুসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আলোচনা সভা শেষে অতিথিরা কৃষকদের হাতে বিভিন্ন ধরনের কৃষি উপকরণ তুলে দেন।টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এদিন উপজেলার ২২টি ইউনিয়নে মোট ১৬৭টি কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেড প্ল্যান্টার, ধান কর্তন যন্ত্র, ভুট্টা মাড়াই যন্ত্র, সেচ পাম্প এবং ধান মাড়াই যন্ত্র। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণও বিতরণ করা হয়। সরকারের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ