প্রিন্ট এর তারিখ : ০৯ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্তে নিশ্চিত হবে ন্যায়বিচার
ঢাকা নিউজ ডেস্ক ||
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান দায়িত্ববোধের জায়গা থেকে বিচারকদের আইন অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে পদোন্নতিপ্রাপ্ত ৩৯ জন বিচার বিভাগীয় কর্মকর্তার ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই নির্দেশনা দেন। মন্ত্রী উল্লেখ করেন, বিচারকদের স্বাধীনতা তাদের মনন ও চিন্তায় নিহিত থাকে এবং কোনো রাজনৈতিক তদবির বা জনপ্রিয়তার পেছনে না ছুটে তাদের প্রজাতন্ত্রের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করা উচিত।জুডিসিয়ারিকে জনগণের আস্থা ও বিশ্বাসের জায়গায় নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, দেশে আর শপথবদ্ধ রাজনীতিবিদ বিচারক কাঙ্ক্ষিত নয়। অতীতের অভিজ্ঞতার কথা টেনে তিনি জানান, বিগত সরকারের সময় যেসব বিচারক রাত জেগে বিরোধী পক্ষকে দমনে বিচারকার্য পরিচালনা করেছেন, তাদের বিষয়ে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জনগণের ম্যান্ডেট অনুযায়ী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয় কাজ করছে বলেও তিনি জানান।দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করে আসাদুজ্জামান বলেন, আর্থিক বা বুদ্ধিবৃত্তিক কোনো ধরনের দুর্নীতিকেই প্রশ্রয় দেওয়া হবে না। তিনি সতর্ক করে দেন যে, দুর্নীতি প্রতিরোধে ব্যর্থ হলে আইনের শাসন ও মানবাধিকার রক্ষার দীর্ঘ সংগ্রাম ব্যর্থ হবে এবং আগামী প্রজন্মের কাছে তা কলঙ্কজনক অধ্যায় হিসেবে বিবেচিত হবে। কোনো ধরনের বেআইনি হস্তক্ষেপকে গুরুত্ব না দিয়ে ন্যায়বিচারের পথ বেছে নিতে তিনি বিচারকদের প্রতি বিশেষ আহ্বান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ