প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
ইরান আলোচনা করছে, তবে স্বীকার করতে ভয় পাচ্ছে’: ট্রাম্প
ঢাকা নিউজ ডেস্ক ||
মধ্যপ্রাচ্যে যুদ্ধ বন্ধের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান পর্দার আড়ালে আলোচনা করছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বুধবার ওয়াশিংটনে এক অনুষ্ঠানে তিনি জানান, ইরানি নেতারা জনসমক্ষে শান্তি পরিকল্পনা প্রত্যাখ্যান করলেও তারা আসলে একটি চুক্তি করতে খুবই আগ্রহী। ট্রাম্পের মতে, নিজেদের জনগণ বা প্রাণহানির ভয়ে ইরানি কর্তৃপক্ষ এই আলোচনার বিষয়টি স্বীকার করতে সাহস পাচ্ছে না।প্রেসিডেন্ট ট্রাম্প গত কয়েকদিন ধরেই তেহরানের সঙ্গে ‘ফলপ্রসূ আলোচনা’র দাবি করে আসলেও ইরান তা সরাসরি নাকচ করে দিয়েছে। ইরানি নেতাদের মতে, যুক্তরাষ্ট্র আসলে নিজের সাথেই নিজে আলোচনা করছে। তবে ওয়াশিংটন থেকে আসা বার্তার বিপরীতে ইরান কেবল নিজেদের অবস্থান ও সতর্কবার্তা পৌঁছে দিচ্ছে বলে তেহরান জানিয়েছে।ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এক সাক্ষাৎকারে নিশ্চিত করেছেন যে, বন্ধুপ্রতিম কিছু দেশের মাধ্যমে ওয়াশিংটন তেহরানকে বিভিন্ন বার্তা পাঠাচ্ছে। তবে একে কোনোভাবেই আনুষ্ঠানিক ‘আলোচনা’ হিসেবে গণ্য করা যাবে না বলে তিনি মন্তব্য করেন। আরাগচি স্পষ্ট করেছেন যে, ইরান যুদ্ধ চায় না এবং এই সংঘাতের স্থায়ী অবসান প্রত্যাশা করে।প্রায় চার সপ্তাহ ধরে চলা এই যুদ্ধে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে, তেহরান তার জন্য যথাযথ ক্ষতিপূরণ দাবি করেছে। আলোচনার এই পাল্টাপাল্টি দাবির মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে ধোঁয়াশা ও কৌতূহল দুই-ই বাড়ছে। শেষ পর্যন্ত এই কূটনৈতিক টানাপড়েন কোনো চুক্তিতে রূপ নেয় কি না, সেটিই এখন দেখার বিষয়।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ