প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
এলিয়েনদের গোপন তথ্য ফাঁসে ট্রাম্পের প্রতি বিজ্ঞানীর আহ্বান
ঢাকা নিউজ ডেস্ক ||
মহাবিশ্বের খাদ্যশৃঙ্খলে মানুষ সম্ভবত সবার উপরে নেই—এমনই এক চাঞ্চল্যকর দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বিশিষ্ট বিজ্ঞানী আভি লোয়েব। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সরকারি ভল্টে থাকা ইউএফও (UFO) সংক্রান্ত গোপন ফাইলগুলো জনসমক্ষে আনার নির্দেশ দিচ্ছেন, ঠিক তখনই এই বিজ্ঞানী এলিয়েনদের নিয়ে মানবজাতির দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো মন্তব্য করলেন। আভি লোয়েবের মতে, ভিনগ্রহের প্রাণীরা যদি পৃথিবীতে আসে, তবে ধরে নিতে হবে তারা মানুষের চেয়ে অনেক বেশি দক্ষ ও প্রযুক্তিগতভাবে উন্নত।অধ্যাপক লোয়েব প্রেসিডেন্ট ট্রাম্পকে ভিনগ্রহের প্রাণীদের সব গোপন তথ্য প্রকাশ করার আহ্বান জানিয়ে বলেন, মহাজাগতিক এই প্রতিবেশীদের কাছ থেকে মানুষ আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অনেক কিছু শিখতে পারে। তিনি বিশ্বাস করেন, মহাকাশে আমাদের চেয়েও গুণী ও সফল 'ভাই-বোন' থাকার প্রমাণ পাওয়া গেলে তা মানবজাতির অগ্রাধিকার বদলে দেবে এবং মানুষকে আরও ভালো কিছু করতে অনুপ্রাণিত করবে। তার মতে, মিল্কিওয়ে গ্যালাক্সিতে থাকা কোটি কোটি নক্ষত্রের মাঝে মানুষের জীবনকে একটি শেখার অভিজ্ঞতা হিসেবে দেখা উচিত।তবে সব তথ্য একসঙ্গে প্রকাশিত হবে কিনা, তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন এই তাত্ত্বিক পদার্থবিদ। তিনি আশঙ্কা করছেন, জাতীয় নিরাপত্তার খাতিরে সরকার হয়তো সংবেদনশীল কিছু তথ্য এখনই প্রকাশ করবে না। তবে আভি লোয়েব ট্রাম্পকে সহযোগিতার প্রস্তাব দিয়ে জানিয়েছেন, যদি মানুষের তৈরি নয় এমন কোনো প্রযুক্তির সন্ধান পাওয়া যায়, তবে তা হবে ইতিহাসের শ্রেষ্ঠ আবিষ্কার। আর এই রহস্য উন্মোচনের সুযোগ করে দিলে ডোনাল্ড ট্রাম্প ইতিহাসে অমর হয়ে থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ