প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
এসএসসি পরীক্ষার নবম দিনে অনুপস্থিত ৩১ হাজার শিক্ষার্থী
ঢাকা নিউজ ডেস্ক ||
সারা দেশে চলমান এসএসসি ও সমমান পরীক্ষার নবম দিনে মোট ৩১ হাজার ৮৯৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। একই সঙ্গে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রোববার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নয়টি সাধারণ শিক্ষা বোর্ডসহ মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এদিন ১৫ লাখ ৪০ হাজার ৫৭১ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। তবে পরীক্ষায় উপস্থিত হয়েছে ১৫ লাখ ৮ হাজার ৬৬৩ জন। সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পদার্থবিজ্ঞান, বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এছাড়া মাদ্রাসা বোর্ডে হাদিস শরিফ এবং কারিগরি বোর্ডে রসায়ন-২ পরীক্ষা নেওয়া হয়।বোর্ডভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডে অনুপস্থিতির হার সবচেয়ে বেশি, যেখানে ১৩ হাজার ৭৯৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। কারিগরি বোর্ডে অনুপস্থিত ছিল ৩ হাজার ৯৮৮ জন। সাধারণ বোর্ডগুলোর মধ্যে ঢাকা বোর্ডে ৩ হাজার ৫০১ জন, রাজশাহীতে ১ হাজার ৯৬৮ জন এবং যশোরে ১ হাজার ৬২৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়নি।অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কৃত ৯ জন শিক্ষার্থীর মধ্যে মাদ্রাসা বোর্ডে ৩ জন, ঢাকা ও যশোরে ২ জন করে এবং সিলেট ও কারিগরি বোর্ডে ১ জন করে পরীক্ষার্থী রয়েছেন। তবে নবম দিনের পরীক্ষায় কোনো কক্ষ পরিদর্শক বহিষ্কৃত হননি। বোর্ডগুলো জানিয়েছে, নিয়ম মেনে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার বিষয়ে তারা সতর্ক অবস্থান গ্রহণ করেছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ