প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় শাটডাউন ও ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা
ঢাকা নিউজ ডেস্ক ||
ষাট জন শিক্ষকের পদোন্নতির দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের ১৮তম দিনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাটডাউন ঘোষণা করেছেন আন্দোলনরত শিক্ষকরা। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়। একই সাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলমকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন শিক্ষকরা। আন্দোলনের অংশ হিসেবে এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. মো. রাহাত হোসাইন ফয়সাল এবং সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ তানভীর কায়সার তাদের প্রশাসনিক পদ থেকে পদত্যাগ করেছেন।শিক্ষকদের দাবি, গত ৩০ এপ্রিলের ত্রিপক্ষীয় বৈঠকে বিদ্যমান নীতিমালা অনুযায়ী পদোন্নতি দিয়ে সংকট সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলেও গত ৮ মে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় তার প্রতিফলন ঘটেনি। তাদের অভিযোগ, উপাচার্য অধিকাংশ সিন্ডিকেট সদস্যের মতামত অগ্রাহ্য করে নিজের সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছেন এবং বিদ্যমান নীতিমালার পরিবর্তে ভিন্ন পন্থায় সংকট সমাধানের চেষ্টা করে বিশ্ববিদ্যালয়কে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন। এর আগে ২০১৫ সালের বিধি অনুযায়ী পদোন্নতির উদ্যোগ নেওয়া হলেও ইউজিসির আপত্তিতে তা আটকে যায় এবং ২০২১ সালের অভিন্ন নীতিমালা অনুসরণের নির্দেশনা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দীর্ঘমেয়াদি অচলাবস্থায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। বর্তমানে বিভিন্ন বিভাগে ফাইনাল পরীক্ষা, মিডটার্ম এবং ক্লাস চললেও ক্যাম্পাস অচল হয়ে পড়ায় সেশনজটের শঙ্কা বাড়ছে। শিক্ষার্থীরা দ্রুত এই সংকট নিরসনের দাবি জানিয়েছেন। পদত্যাগকারী শিক্ষকরা জানিয়েছেন, উপাচার্যকে বারবার অনুরোধ করা সত্ত্বেও তিনি ন্যায্য দাবি উপেক্ষা করায় তারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন।অন্যদিকে, উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম জানিয়েছেন, সিন্ডিকেট সভায় সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত হয়েছে যে আগামী দুই মাসের মধ্যে অভিন্ন সংবিধি প্রণয়ন করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হবে। প্রশাসন বিধি অনুযায়ী পদোন্নতি দিতে সর্বোচ্চ আন্তরিক বলেও তিনি দাবি করেন। দুই শিক্ষকের পদত্যাগের বিষয়ে তিনি জানান, মৌখিকভাবে শুনলেও এখনো কোনো লিখিত পদত্যাগপত্র পাননি।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ