প্রিন্ট এর তারিখ : ১০ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
বাংলাদেশে ২০২৬ বিশ্বকাপ ফুটবল সম্প্রচার নিয়ে অনিশ্চয়তা
ঢাকা নিউজ ডেস্ক ||
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩২ দিন বাকি থাকলেও বাংলাদেশে এর সম্প্রচার নিয়ে বড় ধরনের জটিলতা তৈরি হয়েছে। মূলত সম্প্রচার স্বত্বের আকাশচুম্বী মূল্যের কারণেই এই শঙ্কার সৃষ্টি হয়েছে, যা শুধু বাংলাদেশ নয়, বরং ভারত ও চীনের মতো বড় বাজারগুলোতেও একই পরিস্থিতি তৈরি করেছে।বাংলাদেশে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পাওয়া সিঙ্গাপুরভিত্তিক সংস্থা ‘স্প্রিংবক’ বিটিভির কাছে প্রায় ১৫১ কোটি টাকা দাবি করেছে, যা ট্যাক্স ও ভ্যাটসহ প্রায় ২০০ কোটি টাকায় দাঁড়াবে। বিটিভির বার্ষিক বাজেট যেখানে ৩০০ কোটি টাকা, সেখানে কেবল একটি টুর্নামেন্টের জন্য ২০০ কোটি টাকা ব্যয় করাকে অসম্ভব ও বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে, ২০২২ কাতার বিশ্বকাপের স্বত্ব ৯৮ কোটি টাকায় কিনেও প্রতিষ্ঠানটি বড় লোকসানের মুখে পড়েছিল। বর্তমান পরিস্থিতিতে সরকারের বিশেষ কোনো উদ্যোগ বা বরাদ্দ ছাড়া বিটিভির পক্ষে এই বিশাল অংকের অর্থ দিয়ে স্বত্ব কেনা সম্ভব নয় বলে তারা জানিয়েছেন।ফিফার তথ্যমতে, বিশ্বের ১৭৫টিরও বেশি অঞ্চলের সঙ্গে চুক্তি সম্পন্ন হলেও বাংলাদেশ, পাকিস্তান, ভারত ও চীনের মতো জনবহুল দেশগুলো এখনও সম্প্রচার তালিকার বাইরে রয়েছে। এর ফলে বিশ্বের প্রায় ৪০ শতাংশ মানুষ সরাসরি বিশ্বকাপ দেখা থেকে বঞ্চিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন।বিশ্লেষকদের মতে, বাদ পড়া দেশগুলোর সঙ্গে সময়ের বড় ব্যবধান এই জটিলতার অন্যতম কারণ। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ম্যাচগুলো এশিয়ায় গভীর রাত বা ভোরে সম্প্রচারিত হবে বিধায় বিজ্ঞাপনদাতাদের আগ্রহ কম থাকাই স্বত্ব কেনার ক্ষেত্রে চ্যানেলগুলোর অনাগ্রহের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ