প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
পাঁচ অঞ্চলে দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস
ঢাকা নিউজ ডেস্ক ||
দেশের অভ্যন্তরীণ পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে আজ দুপুর ১টার মধ্যে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য এই বিশেষ বার্তা প্রদান করা হয়েছে।আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।ঝড়ো হাওয়ার আশঙ্কায় উল্লিখিত এলাকার নদীবন্দরসমূহে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকার নৌযানগুলোকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস। তবে দেশের অন্যান্য অঞ্চলের জন্য এই মুহূর্তে বড় ধরনের কোনো ঝড়ের পূর্বাভাস নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ