প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
ক্লাসিকো জিতে ৯৪ বছর পর বার্সার অনন্য কীর্তি
ঢাকা নিউজ ডেস্ক ||
রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো লা লিগা চ্যাম্পিয়ন হয়েছে বার্সেলোনা। কোচ হানসি ফ্লিকের অধীনে কাতালানরা এই জয়ের মাধ্যমে এমন এক ইতিহাস গড়েছে, যা গত ৯৪ বছরে স্প্যানিশ লিগে দেখা যায়নি। ১৯৩২ সালের পর এই প্রথম কোনো এল ক্লাসিকো ম্যাচের ফলাফলের ওপর ভিত্তি করে সরাসরি লিগ শিরোপা নির্ধারিত হলো।ম্যাচের আগে বাবার মৃত্যুসংবাদ পাওয়া সত্ত্বেও কোচ হানসি ফ্লিক ডাগআউটে উপস্থিত থেকে দলকে নেতৃত্ব দেন। তার এই শোককে শক্তিতে রূপান্তর করে ম্যাচের ১৮ মিনিটের মধ্যেই দুই গোল করে জয় নিশ্চিত করে বার্সেলোনা। ৯ মিনিটে মার্কাস র্যাশফোর্ডের ফ্রি-কিক এবং পরবর্তীতে দানি অলমো ও ফেররান তরেসের সমন্বিত আক্রমণে ব্যবধান দ্বিগুণ হয়।৩৫ ম্যাচ শেষে ৯১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা বার্সেলোনার শিরোপা এই জয়েই নিশ্চিত হয়ে যায়। নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ সমান ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকায় লিগের বাকি ম্যাচগুলো এখন কেবল আনুষ্ঠানিকতায় রূপ নিয়েছে। সমীকরণ অনুযায়ী বার্সা সব ম্যাচ হারলেও রিয়ালের পক্ষে তাদের ছোঁয়া আর সম্ভব নয়।ঐতিহাসিক এই অর্জনের পর বার্সেলোনার সামনে এখন ১০০ পয়েন্ট নিয়ে লিগ শেষ করার রেকর্ডের হাতছানি। ২০১২-১৩ মৌসুমে তিতো ভিলানোভার বার্সেলোনা এবং তার আগের মৌসুমে মরিনিওর রিয়াল মাদ্রিদ ১০০ পয়েন্টের মাইলফলক স্পর্শ করেছিল। লিগের বাকি তিন ম্যাচ জিততে পারলে রাফিনিয়া-লেভান্ডভস্কিরা সেই অনন্য উচ্চতায় পৌঁছাতে সক্ষম হবেন।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ