প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
সুনামগঞ্জে ধান আনতে গিয়ে বজ্রপাতে স্কুলছাত্রীর মৃত্যু
ঢাকা নিউজ ডেস্ক ||
সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নে বজ্রপাতে আঁখি আক্তার (১৫) নামের দশম শ্রেণির এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (১০ মে) বিকেল সাড়ে ৪টার দিকে নলুয়ারপাড় গ্রামে বাড়ির পাশের ধানের খলা থেকে ধান আনতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয় সে।মৃত আঁখি আক্তার ওই গ্রামের জাহির উদ্দিনের মেয়ে এবং স্থানীয় ইয়াকুব উল্লাহ পাবলিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. রতন শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে হঠাৎ বৃষ্টি শুরু হলে খলায় শুকাতে দেওয়া ধান ঘরে তোলার জন্য দ্রুত বাইরে যায় আঁখি। এ সময় প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে সে ঘটনাস্থলেই গুরুতর আহত হয়। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।অকাল এই মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। উল্লেখ্য যে, এই সময়ে হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রপাতের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ