প্রিন্ট এর তারিখ : ২৬ মার্চ ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৬ মার্চ ২০২৬
পদ্মায় তলিয়ে যাওয়া বাস উদ্ধার, মৃতের সংখ্যা বেড়ে ২৩
ঢাকা নিউজ ডেস্ক ||
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যাওয়া যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। দীর্ঘ উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারী জাহাজ 'হামজা' বাসটিকে নদী থেকে ওপরে তুলে আনে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৩ জনে দাঁড়িয়েছে, যাদের মধ্যে ১১ জন নারী, ৪ জন পুরুষ এবং ৮ জন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল।ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সূত্র জানিয়েছে, বাসটি নদীর প্রায় ৮০-৯০ ফুট গভীরে পন্টুনের নিচে আটকে ছিল। দুর্ঘটনায় কবলিত বাসটিতে প্রায় ৫০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে, যাদের মধ্যে ১১ জন তাৎক্ষণিকভাবে বেরিয়ে আসতে সক্ষম হন। নিখোঁজদের সন্ধানে ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশের জোরালো উদ্ধার অভিযান অব্যাহত ছিল।হাসপাতাল সূত্রে জানা গেছে, রাজবাড়ী সদর হাসপাতাল ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ইতোমধ্যে অধিকাংশ মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতদের মধ্যে রাজবাড়ী, কুষ্টিয়া, ঝিনাইদহ ও দিনাজপুরসহ বিভিন্ন জেলার বাসিন্দা রয়েছেন। নিহতদের তালিকায় বাসের চালক আরমান খান ও সাত মাস বয়সী শিশু আরমানসহ বেশ কয়েকজন শিক্ষার্থী ও গৃহিনী রয়েছেন।ভয়াবহ এই দুর্ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও দুর্ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিখোঁজদের সন্ধানে এখনো অনেক পরিবার নদীর পাড়ে অপেক্ষা করছে। উদ্ধার কার্যক্রম শেষে এখন দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ