প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
বিশ্বকাপে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে এগিয়ে ফুটবল পরাশক্তিরা
ঢাকা নিউজ ডেস্ক ||
আসন্ন ফুটবল বিশ্বকাপ সামনে রেখে বিশ্বজুড়ে ভক্তদের মাঝে উন্মাদনা ছড়িয়ে পড়েছে। প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের গ্রুপগুলোতে ফেভারিট হিসেবে দক্ষিণ আমেরিকান ও ইউরোপিয়ান পরাশক্তিরা এগিয়ে থাকলেও বেশ কিছু উদীয়মান দল চমক দেখানোর অপেক্ষায় আছে। বিভিন্ন পরিসংখ্যান ও পর্যালোচনায় এরই মধ্যে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে সম্ভাব্য দাবিদারদের নাম উঠে এসেছে।টুর্নামেন্টের স্বাগতিক দেশগুলোর মধ্যে 'এ' গ্রুপে মেক্সিকো এবং 'ডি' গ্রুপে যুক্তরাষ্ট্র নিজ নিজ গ্রুপে দাপট দেখাবে বলে আশা করা হচ্ছে। অন্যদিকে 'বি' গ্রুপে অভিজ্ঞ সুইজারল্যান্ড এবং স্বাগতিক কানাডার মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। লাতিন আমেরিকান পরাশক্তিদের মধ্যে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল 'সি' গ্রুপে এবং বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা 'জে' গ্রুপে নিরঙ্কুশ ফেভারিট হিসেবে মাঠের লড়াইয়ে নামবে।ইউরোপীয় শক্তিশালী দলগুলোর মধ্যে জার্মানি 'ই' গ্রুপে, নেদারল্যান্ডস 'এফ' গ্রুপে এবং ফ্রান্স 'আই' গ্রুপে গ্রুপ সেরা হওয়ার দৌড়ে শীর্ষে রয়েছে। এ ছাড়া 'জি' গ্রুপে বেলজিয়াম এবং 'এল' গ্রুপে ইংল্যান্ডকে শক্তিশালী দাবিদার হিসেবে দেখা হচ্ছে। জনপ্রিয়তায় এগিয়ে থাকা পর্তুগাল 'কে' গ্রুপে এবং স্পেন 'এইচ' গ্রুপে ভক্তদের প্রধান পছন্দের তালিকায় থাকলেও উরুগুয়ে ও কলম্বিয়ার মতো দলগুলো তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।এবারের বিশ্বকাপে বড় দলগুলোর পাশাপাশি ইরান, মরক্কো, সৌদি আরব ও নরওয়ের মতো দেশগুলো যেকোনো সময় অঘটন ঘটাতে পারে বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। গ্রুপ পর্বের লড়াই শুরুর আগেই দলগুলোর শক্তিমত্তা ও অভিজ্ঞতার বিচার ফুটবল বিশ্বে বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে। এখন মাঠের লড়াইয়ে ফেভারিটরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারে কি না, সেদিকেই তাকিয়ে আছে ফুটবল বিশ্ব।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ