প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
নিখোঁজের দুই মাস পর স্কুলছাত্র শাকিব হত্যার রহস্য উদ্ঘাটন
ঢাকা নিউজ ডেস্ক ||
চাঁদপুরের কচুয়ায় চাঞ্চল্যকর ‘ক্লুলেস’ স্কুলছাত্র শাকিব হাসান হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। নিখোঁজের প্রায় দুই মাস পর ভিকটিমের মাথার খুলি ও শরীরের হাড় উদ্ধারের পাশাপাশি এই হত্যাকাণ্ডে জড়িত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আরমান গাজী ও মেহেদী হাসান গাজী পুলিশের জিজ্ঞাসাবাদে এবং আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে।নিহত শাকিব হাসান উপজেলার রাগদৈল আইএম দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং সৌদি প্রবাসী আব্দুল কাদেরের ছেলে। গত বছরের ৮ সেপ্টেম্বর ঘর থেকে বের হওয়ার পর সে নিখোঁজ হয়। পরবর্তীতে গত ২৪ নভেম্বর স্থানীয় একটি কৃষি জমির পাশের ডোবা থেকে মানুষের মাথার খুলি ও হাড়ের অংশ উদ্ধার করে পুলিশ। সিআইডির ডিএনএ পরীক্ষায় আলামতগুলো শাকিবের বলে নিশ্চিত হওয়ার পর নিহতের বাবা গত ৭ মে কচুয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম জানান, সোর্সের সহায়তায় টানা ২৪ ঘণ্টার অভিযানে গত ৮ মে থেকে ৯ মে-র মধ্যে দুই আসামিকে গ্রেফতার করা হয়। তারা স্বীকার করেছে যে, পুকুরে গোসল করার সময় শাকিবকে পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। পরে মরদেহটি পানির নিচে রশি দিয়ে বেঁধে রাখা হয় এবং রাতে তুলে হাত-পা কেটে বস্তাবন্দি করে ইটের সাথে বেঁধে ডুবিয়ে দেওয়া হয় যাতে তা ভেসে না ওঠে।গ্রেফতারকৃত দুই আসামিকে গত ১০ মে আদালতে সোপর্দ করা হলে তারা ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনের মাধ্যমে দীর্ঘ প্রতীক্ষার পর শাকিবের পরিবার বিচার পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ