প্রিন্ট এর তারিখ : ১১ মে ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬
দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রস্তুতি নিচ্ছে সরকার: সেতুমন্ত্রী
ঢাকা নিউজ ডেস্ক ||
মুন্সিগঞ্জের মাওয়া ও শরীয়তপুরের জাজিরার পর এবার দৌলতদিয়া-পাটুরিয়া পয়েন্টে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহায় নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণ সংক্রান্ত এক প্রস্তুতি সভা শেষে সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এই তথ্য জানান।মন্ত্রী বলেন, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে সম্ভাব্যতা যাচাই বা 'ফিজিবিলিটি স্টাডি' সম্পন্ন হয়েছে। বর্তমানে সরকারের পক্ষ থেকে প্রকল্পটির অর্থায়নের উৎস নিয়ে কাজ চলছে এবং অন্যান্য প্রাক-প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। তিনি উল্লেখ করেন যে, এই সেতুটি নির্মাণের জন্য তিনটি প্রস্তাব রয়েছে, যার মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটটি অন্যতম।সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী জানান, দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হলে দেশের সড়ক যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে এবং সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে। তিনি আরও বলেন, গতবারের ঈদযাত্রার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার যাতায়াত আরও নির্বিঘ্ন ও নিরাপদ করতে অধিক মনোযোগ দিয়ে কাজ করছে মন্ত্রণালয়।উল্লেখ্য, ২০২২ সালে উদ্বোধন হওয়া বর্তমান পদ্মা সেতুর দৈর্ঘ্য ৯.৮৩ কিলোমিটার (ভায়াডাক্টসহ), যা নির্মাণে ব্যয় হয়েছিল ৩০ হাজার কোটি টাকার বেশি। নতুন এই দ্বিতীয় পদ্মা সেতু প্রকল্পটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য আরও একটি বড় মাইলফলক হবে বলে আশা করা হচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদক: ওমর ফারুক
প্রকাশক: আনোয়ার শাহ
কপিরাইট © ২০২৫ সর্বস্ব সংরক্ষিত ঢাকা নিউজ